পার্বত্য চট্টগ্রামের ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হয়ে উঠছে— এমন সতর্কবার্তা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। তাদের মতে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এখনই সমন্বিত কৌশল গ্রহণ না করলে সীমান্তঘেঁষা এ অঞ্চলে জঙ্গি ও বিদেশি স্বার্থান্বেষী শক্তির তৎপরতা আরও জটিল আকার নিতে পারে।
রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অশান্ত পাহাড় সার্বভৌমত্বের হুমকি! জাতীয় নিরাপত্তায় করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রোকন উদ্দিন (অব:), লেফটেন্যান্ট কর্নেল আতিকুল হক, লেফটেন্যান্ট কর্নেল শাখাওয়াত হোসেন (অব:) এবং আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক রেজাউল করিম।
এছাড়াও আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, আহবায়ক, সিএইচটি সম্প্রীতি জোট; মো. আলমগীর কবির, মহাসচিব, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ; দেলোয়ার হোসেন খান, মুখপাত্র, জনতার দল; ফারুক হাসান, দলীয় মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ; এবং মেহেদী হাসান পলাশ, সহ সম্পাদক, দৈনিক ইনকিলাব।
অনুষ্ঠানের মডারেটর ছিলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান (অব:)।
বক্তারা বলেন, পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ড ও আন্তঃসীমান্ত অপরাধ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সেনা ও বেসামরিক প্রশাসনের মধ্যে সমন্বয়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সেমিনারে বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।