রাজবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাঁড়িয়েছে ল’ ফোরাম রাজবাড়ী। সংগঠনটির উদ্যোগে জেলার বিভিন্ন অনগ্রসর ও প্রান্তিক অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজবাড়ী জেলা আদালত প্রাঙ্গণ থেকে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সূচনা হয়। এরপর রাজবাড়ী শহরের রেলওয়ে স্টেশনসহ দুর্গম চরাঞ্চল, সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রাম, বিভিন্ন এতিমখানা ও বুনো সম্প্রদায়ের মাঝে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ল’ ফোরাম রাজবাড়ীর সভাপতি কাজী আফরোজা এবং সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ সোহাগ মাহামদু। এ সময় সংগঠনের সদস্যরা কয়েকশ কম্বল বিতরণে সরাসরি অংশগ্রহণ করেন এবং প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র পৌঁছে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই ল’ ফোরাম রাজবাড়ীর মূল লক্ষ্য। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ল’ ফোরাম রাজবাড়ীর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং খুলনা মেট্রোপলিটন এলাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন।
এ ছাড়াও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ ও উপদেষ্টামণ্ডলী রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন। পাশাপাশি বিজ্ঞ আইনজীবী ও রাজবাড়ী জেলার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
ল’ ফোরাম রাজবাড়ী একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। বিচারক, আইনজীবী এবং রাজবাড়ী জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় দরিদ্র ও অসহায় মানুষের আইনগত সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।