কটিয়াদীতে আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সংঘটিত আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার কটিয়াদী থানার পুলিশের বিশেষ অভিযানে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে মো. মহরম আলী নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে কটিয়াদী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার এজাহার অনুযায়ী, পৈত্রিক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা মো. আনোয়ার হোসেন (৩০)কে নিজ বসতঘরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে জেলা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চালিয়ে গত ২৪ মে সুনামগঞ্জের তাহেরপুর থানাধীন বার্তাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, “অপরাধী যতই কৌশলে আত্মগোপন করুক, আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে বিশেষ টিম কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “জেলার পুলিশ সুপারের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত