জিয়ার আদর্শেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিনটিকে দেশের গণমানুষের জন্য অত্যন্ত দুঃখভারাক্রান্ত ও স্মৃতিময় দিন হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের সমগ্র গণমানুষের জন্য গভীর শোক ও স্মৃতিবহ একটি দিন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির অতন্দ্র প্রহরী হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন।

 

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জিয়াউর রহমানের যে ঐতিহাসিক উত্থান ঘটেছিল, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েই তিনি শাহাদাত বরণ করেন।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মূল ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রদর্শিত পথ। গভীর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি বলেন, জিয়াউর রহমান শিখিয়েছেন কীভাবে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে জাতীয় সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হয়। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের আদর্শে রাজনীতি করে আসছে।

 

গণতন্ত্রের প্রতি বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন দেশকে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় পরিচালিত করা হবে। ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করা হবে।”

 

এ সময় তিনি দেশের গণতন্ত্র রক্ষায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত