কিশোরগঞ্জের নিকলীতে ৩৪ লিটার চোলাই মদসহ মরিয়ম (৪৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযানের খবর পেয়ে তার স্বামী আবু বাক্কার ছিদ্দিক (৫৯) পালিয়ে যান।
রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাইজহাটি গ্রামের আবু বাক্কার ছিদ্দিকের বাড়িতে অভিযান চালায় নিকলী থানা পুলিশ। অভিযানে বাড়ি থেকে ৩৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মরিয়মকে আটক করা হলেও তার স্বামী আবু বাক্কার ছিদ্দিক কৌশলে পালিয়ে যান।
অভিযানে নেতৃত্ব দেন নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। এ সময় এসআই শরিফুজ্জামান, এএসআই লুৎফর রহমান, এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
গ্রেপ্তার মরিয়ম মাইজহাটি গ্রামের আবু বাক্কার ছিদ্দিকের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আবু বাক্কার ছিদ্দিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।
নিকলী থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে নিকলী থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।