রাতের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি:
 ছবি:
ছবি:

নীলফামারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনো চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ ও জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে র‌্যাব দীর্ঘদিন ধরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও অনলাইনভিত্তিক অপরাধ দমনে কাজ করে আসছে। সম্প্রতি অনলাইন জুয়ার বিস্তার যুবসমাজকে আর্থিক ক্ষতির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িয়ে ফেলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গত ২৫ মে রাত ১টার দিকে সৈয়দপুর থানার খাতামধুপুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—সাইফুল ইসলাম (২৬), সোহেল রানা (৩০), হাবিবুর রহমান (৩৫) ও মিলন ইসলাম (২০)।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. আশরাফুল কবীর জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে BC.GAMEসহ বিভিন্ন অনলাইন জুয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল। তারা বিকাশ, নগদ ও অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেন করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

অভিযানে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ এবং নগদ ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নীলফামারীর সৈয়দপুর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ-২০২৫ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত