জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করতে বিভিন্ন থানা, ফাঁড়ি ও ক্যাম্প পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি ভৈরব থানা, ভৈরব শহর ফাঁড়ি এবং বাজিতপুর থানার অধীন পিরিজপুর পুলিশ ক্যাম্প সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, লজিস্টিক সহায়তা এবং ছুটিসহ সার্বিক কল্যাণ বিষয়ক খোঁজখবর নেন। এ সময় তিনি কর্তব্যরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দিয়ে বলেন, নিয়মিত টহল জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেন। পুলিশ সুপার বলেন, “পুলিশের মূল লক্ষ্য হওয়া উচিত জনবান্ধব সেবা নিশ্চিত করা। সেবা প্রত্যাশীরা যেন দ্রুত ও নির্বিঘ্নে আইনগত সহায়তা পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) তোফাজ্জল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল। এছাড়াও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।