বেনাপোলে স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যাকাণ্ড

যশোর সংবাদদাতা:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে পণ্যবাহী ট্রাকের স্কট শ্রমিক ইউনুছ হোসেন (৪৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার হরিণাপোতা গ্রামের একটি নির্জন মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহত ইউনুছ হোসেন ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে। তিনি আমদানিকৃত পণ্যবাহী ট্রাকের নিরাপত্তা কর্মী (স্কট) হিসেবে কর্মরত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ইউনুছের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নিহতের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। ইউনুছের ভাই ইউসুফ এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউনুছের সঙ্গে তার স্ত্রী তাসলিমার পারিবারিক বিরোধ চলছিল। 

 

এক পর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হলেও সম্প্রতি তাসলিমা আবার ইউনুছের সংসারে ফিরে আসেন। ইউসুফের দাবি, তার ভাবি তাসলিমা অন্য কারও সঙ্গে যোগসাজশে ইউনুছকে হত্যা করে মরদেহ মাঠে ফেলে রেখে গেছেন।

 

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটনের আশা করছে পুলিশ।

এলাকার খবর

সম্পর্কিত