কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
 ছবি: নিউজ ওয়ান
ছবি: নিউজ ওয়ান

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কুখ্যাত সন্ত্রাসী মো. আরমানকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

 

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এক সুপরিকল্পিত অভিযানে তাকে আটক করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইকুরিয়া ও সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মো. আরমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পরে তার ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩ পিস ফেনসিডিল, ৫০ বোতল ইম্পেরিয়াল হুইস্কি এবং ২০ বোতল বিদেশি মদ। 

 

এছাড়া তার হেফাজত থেকে ২টি রামদা, ১টি কাঁচি, ২টি চাপাতি, ২টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি মডার্ন আয়রন স্টিক (লোহার রড) জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আরমান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এলাকার খবর

সম্পর্কিত