কিশোরগঞ্জ জেলা পুলিশের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক আবেগঘন পরিবেশে। বদলিজনিত কারণে বিদায় নিলেন পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল ইসলাম তালুকদার।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই কর্মকর্তার বর্ণাঢ্য কর্মকাল ও জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তাঁদের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বলেও উল্লেখ করা হয়।
সংবর্ধনা পর্বে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে ড. এস এম ফরহাদ হোসেন সহকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও আবেগঘন বক্তব্য দেন।
এ সময় দীর্ঘদিনের সহকর্মীদের বিদায়ে ড্রিল শেডে এক আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। অনেককেই ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় কর্মকর্তাদের বিদায় জানাতে দেখা যায়।
অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স মেসে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। ভোজের আগে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে পুনরায় আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ সুপার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বাজিতপুর সার্কেল তৃপ্তি মন্ডল, সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মো. শহীদুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, এই বিদায়ে জেলা পুলিশ একজন দক্ষ ও মানবিক অভিভাবককে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।