দুই ঘণ্টার লড়াই শেষে নিয়ন্ত্রণে কালশীর আগুন

নিজস্ব প্রতিবেদক:
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরে আরও ইউনিট যুক্ত করা হয়।

ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ইউনিটের মোট ১২৩ জন ফায়ার ফাইটার কাজ করেন। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার ও আগুন নেভানোর কাজে সহায়তা করেন।

তিনি বলেন, বস্তির সংকীর্ণ রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরোপুরি আগুন নির্বাপণের কাজ চলমান।

এদিকে, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও ক্ষোভ। তাদের অভিযোগ, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে, যাতে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর ও জীবনের সঞ্চয়। যদিও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার উৎস, প্রকৃত ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য জানতে তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত