বাংলা সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’। এ লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আন্তর্জাতিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত সভায় দেশের বিশিষ্ট সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সুধীজনেরা অংশ নেন। বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের কৃষ্টি, ঐতিহ্য ও প্রাণবন্ত সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যেই নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আন্তর্জাতিক আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাবুদ্দৌলা চৌধুরী। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন সাজেদুর রহমান মুনিম। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন শফিউল আলম বাবু, শাহীন শাহ ও রুমানা ইসলাম মুক্তি।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মাহফুজুর রহমান, জুয়েল আইচ ও সৈয়দ মোস্তাফিজুর রহমান। এছাড়া নর্থ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা জোনের প্রেসিডেন্ট হিসেবে শাহ নেওয়াজ এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দারা আবু জুবায়ের দায়িত্ব পালন করবেন। তারা সংগঠনের মূল কমিটির উপদেষ্টা হিসেবেও থাকবেন।
যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন নাট্যনির্মাতা সোহেল আরমান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি এবং সংগীতশিল্পী নাসিরসহ আরও অনেকে। মোট ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ফাতেমা তুজ জোহরা ও নিলুফার ওয়াহিদ পাপড়ি, কালচারাল কো-অর্ডিনেটর রোকসানা আখতার রিনি এবং ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন কো-অর্ডিনেটর নাজমুল খান।
এছাড়া বিভাগীয় সমন্বয়কারী হিসেবে বিভিন্ন বিভাগ ও অঞ্চলের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটি গঠন করে সংগঠনের রূপরেখা ঘোষণা করা হবে।
সভায় আগামী বছরের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল-২০২৭’ আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিল্প-সাহিত্যকে ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভা শেষে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।