“ধামাচাপা দিলে হবে না, সত্য বের হবেই”—ডাকসু নির্বাচন নিয়ে আবিদুলের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ ব্যালট পেপার পাওয়ার অভিযোগের বিষয়ে আবারও মুখ খুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, “এই ঘটনাকে ধামাচাপা দেওয়া যাবে না, সত্য উন্মোচিত হবেই।”

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না।”

এর আগে মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যান ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদেরসহ তিনটি প্যানেলের নেতারা। সেখানে তারা লিখিতভাবে অভিযোগ জমা দেন।

আবিদুল ইসলাম খান জানান, “নীলক্ষেতের গাউছুল আজম ছাপাখানায় অরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ ব্যালট পেপার পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমনকি প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযোগের জবাবও আসেনি।”

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের দিন ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কেন্দ্র দখল, কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। নির্বাচন পরবর্তী সময়েও বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনায় আসে নির্বাচন প্রক্রিয়া।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলাকার খবর

সম্পর্কিত