রাজধানীর বনশ্রী-আফতাবনগর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে নির্মিত ২ নম্বর স্টিল ফুটব্রিজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রিজটি উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজ করা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত এবং যানজট কমাতে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বনশ্রী-আফতাবনগর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে তিনটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ২ নম্বর স্টিল ব্রিজের নির্মাণকাজ দ্রুত শেষ করে বুধবার তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাকি দুটি ব্রিজ নির্মাণে ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে আনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি ব্যবহার করে ২ নম্বর ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হয়। বাকি দুটি ব্রিজের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রশাসক আরও বলেন, ব্রিজটির রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকেও দায়িত্বশীল হতে হবে। খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ওই খাল পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নেবে। খালটি পরিষ্কার, সংস্কার ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, মূল সড়কের যানজট কমানো এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালে বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে ব্রিজটির পাশাপাশি আরও দুটি স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে। এসব ব্রিজ দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডিএনসিসির প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাও জরুরি। এ জন্য আফতাবনগর ও বনশ্রী এলাকার বাসিন্দাদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য এলাকাবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানান প্রশাসক।
ডিএনসিসি সূত্রে জানা যায়, করপোরেশনের অর্থায়নে এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় আইডিয়াল স্কুল সংলগ্ন ১ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৩৮ মিটার, ফরাজী হাসপাতাল সংলগ্ন ২ নম্বর ব্রিজটির প্রস্থ ৩ দশমিক ৮০ মিটার ও দৈর্ঘ্য ৪২ মিটার এবং মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নম্বর ব্রিজটির প্রস্থ ১৫ দশমিক ৪০ মিটার ও দৈর্ঘ্য ৪৯ মিটার।
২ নম্বর স্টিল ব্রিজটি বুধবার আনুষ্ঠানিকভাবে জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।