নিকলীতে জনতার অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় স্থানীয় জনতার পরিচালিত পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৬৮ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর ও ছাতিরচর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন—ইসলামপুর গ্রামের দীন ইসলামের স্ত্রী আসমা বেগম, পূর্ব টেংগুরিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে বিজয়, গোড়াদিঘা গ্রামের ফজলুর রহমানের ছেলে নীরব, ছাতিরচর মধ্যপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে বাদল মিয়া এবং একই গ্রামের কাশেম আলীর ছেলে হীরা মিয়া।

স্থানীয় সূত্র জানায়, নিকলী উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় ইসলামপুর গ্রামে চিহ্নিত কয়েকজন মাদক কারবারির বাড়িতে অভিযান চালায় স্থানীয় জনতা। এ সময় ১৬৮ পিস ইয়াবাসহ আসমা বেগম, বিজয় ও নীরবকে আটক করে সিংপুর বাজারে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নিকলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। অভিযানে এসআই রোমান খান, এসআই সাগর বিশ্বাস ও এসআই শরীফুজ্জামান দায়িত্ব পালন করেন এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

একই দিন রাত ১২টার দিকে ছাতিরচর মধ্যপাড়া এলাকায় স্থানীয় জনতার আরেকটি অভিযানে দুই কেজি গাঁজাসহ বাদল মিয়া ও হীরা মিয়াকে আটক করা হয়। পরে তাদেরও পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে নিকলী থানার অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী—কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় নিকলীকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চলছে। অপরাধ করে কেউ রেহাই পাবে না, সবাইকে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণ যেভাবে পুলিশকে সহযোগিতা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় নিকলী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত