নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে গণজাগরণ , পুলিশ সুপারের হুঁশিয়ারি

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নরসিংদীর কামারগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি গণজাগরণে রূপ নেয়।

 

সোমবার (৬ জুলাই) বিকেলে কামারগাঁও শাহী ঈদগাহ মাঠে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং অতিরিক্ত পুলিশ সুপার কালিমুল্লাহ। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।


 

সমাবেশে বক্তব্যে পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন, "মাদকের সঙ্গে কোনো ধরনের আপস হবে না। যারা মাদক ব্যবসা, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের জন্য নরসিংদীতে কোনো জায়গা নেই। জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। আইন ভঙ্গকারীরা যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।"

 

তিনি আরও বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা থাকলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান আরও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন। তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সমাবেশ শেষে উপস্থিত সবাই নিজ নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত