মানবিক কর্মকাণ্ডে পরিচিত ছরোয়ার লড়বেন ইউপি চেয়ারম্যান পদে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে দীর্ঘদিনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত মুখ মুহাম্মাদ ছরোয়ার হোসেন এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

লাবলু মিয়া, সালথা (ফরিদপুর) থেকে জানান, মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মতো নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় পরিচিতি পেয়েছেন ছরোয়ার হোসেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন তিনি। ইউনিয়নের কাঁচা-পাকা সড়ক সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়ন ও সংস্কারেও সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ, শীতবস্ত্র প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানে সহায়তার মতো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কথা জানান এলাকাবাসী।

সোনাপুর গ্রামের বাসিন্দা রাবুর মা (৬৫) বলেন, “ছরোয়ার বাবা আমার মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমি তাঁর জন্য সবসময় দোয়া করি। আল্লাহ যেন তাঁর মনের আশা পূরণ করেন।”

দরজা ফুকরা গ্রামের মরহুম বাচ্চু শেখের স্ত্রী বলেন, “তিনি আমাকে একটি ঘর করে দিয়েছেন, কঠিন সময়ে খাদ্য সহায়তাও করেছেন। তাঁর উপকার আমরা কখনো ভুলব না।”

মুহাম্মাদ ছরোয়ার হোসেন বলেন, “জন্মেছি, একদিন মৃত্যুবরণ করতেই হবে। মানুষের ভালো কাজের জন্য যেন আমাকে স্মরণ করা হয়—এই লক্ষ্য নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, নিজস্ব অর্থায়নে বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনা মহামারির সময়ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ওষুধ বিতরণ করেছেন।

নির্বাচন প্রসঙ্গে ছরোয়ার হোসেন বলেন, “চেয়ারম্যান হওয়া আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি বড় সুযোগ। জনগণ আমাকে নির্বাচিত করলে সোনাপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

তিনি বলেন, “আমার সবচেয়ে বড় শক্তি এই ইউনিয়নের সাধারণ মানুষ। তাদের ভালোবাসা ও আস্থাই আমার চলার পথের প্রেরণা।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত