সম্মিলিত উদ্যোগেই সম্ভব ডেঙ্গুমুক্ত কিশোরগঞ্জ: জেলা প্রশাসক

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

“পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কিশোরগঞ্জ পৌরসভা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও নাগরিক দায়িত্বশীলতার মাধ্যমেই একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মালিক সমিতির সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সেমিনারে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, নিয়মিত মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিক দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিক সচেতন ও দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত