ঢাকায় শক্ত ভূকম্পন: বিশেষজ্ঞদের সতর্কবার্তা—‘বড় ধাক্কা আসতে পারে যেকোনো সময়’

নিউজ ওয়ান ডেস্ক :
 ছবি:
ছবি:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর বড় ধরনের আরও ভূমিকম্পের সম্ভাবনার বিষয়ে আগাম সতর্কতা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভূমিকম্প–ঝুঁকিপূর্ণ অঞ্চল হওয়ায় বড় কম্পন যে কোনো সময় ঘটতে পারে।

 

এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ভূমিকম্প ঢাকাসহ দেশের বহু জেলায় অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনে অন্তত ১০ জনের মৃত্যু এবং অর্ধশতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন বহু মানুষ।

 

ঘটনার পর রুবাইয়াত কবির বলেন, “ঢাকা ও আশপাশে গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অন্যান্য কয়েকটি হালকা কম্পন দেশের বাইরে উৎপত্তি হলেও এবারেরটি সম্পূর্ণ অভ্যন্তরীণ।”

তিনি আরও সতর্ক করে বলেন, “এই অঞ্চলে অতীতেও একাধিক বড় ভূমিকম্প ঘটেছে। তাই সম্ভাবনা রয়েই গেছে। তবে ঠিক কখন বড় কম্পন হবে—তা এখনো বলা সম্ভব নয়।”

 

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার অতীত তথ্য তুলে ধরে জানান, ২০০৩ সালে রাঙ্গামাটির বরকল এলাকায় ৫ দশমিক ৬ মাত্রা এবং ১৯১৮ সালে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। তার মতে, এসব তথ্যই বলে দেয়—বাংলাদেশ আবারও বড় ধরনের ভূমিকম্পের মুখোমুখি হতে পারে।

 

যেকোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞরা ভবন কাঠামো মজবুতকরণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত