বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ দল ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতাল সূত্র জানায়, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞদের ওই দলটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।
জানা গেছে, আগত বিশেষজ্ঞরা শিগগিরই খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশি–বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন। বোর্ডের সদস্যদের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। পাঁচ বিদেশি বিশেষজ্ঞের বেশিরভাগই চীনা নাগরিক।
সোমবার এক অনুষ্ঠানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, তিনি বর্তমানে সিসিইউতে আছেন এবং আগের মতোই চিকিৎসা চলছে। এটিই সর্বশেষ আপডেট বলে উল্লেখ করেন তিনি।
রিজভী আরও বলেন, “তিনি এখনও গুরুতর অসুস্থ, সঙ্কটাপন্ন। তবে গতকাল যে অবস্থায় ছিলেন আজও সেই অবস্থায় আছেন।” এ সময় বিভিন্ন মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেউ যেন এতে কান না দেয়। আমি যা বললাম এটিই খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা।”