জাতীয় সংসদে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে শান্ত থাকার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট।”
শুক্রবার (১০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে এই ঘটনা ঘটে।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে আলোচনা চলাকালে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ উত্তেজিত হয়ে পড়লে স্পিকার তাকে থামিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন।
স্পিকার বলেন, “সংসদে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের কথা শুনতে হবে। এখানে নিয়ম মেনে চলাই প্রধান বিষয়।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতের তুলনায় বর্তমান সংসদের পরিবেশ অনেক বেশি সহনশীল ও সহযোগিতামূলক। “আমি আগের ছয়টি সংসদ দেখেছি। এবারের মতো সুন্দর পরিবেশ আগে দেখিনি। ৯০টি বিল পাসে সরকারি ও বিরোধী দলের সমঝোতা সংসদীয় ইতিহাসে বিরল,” বলেন তিনি।
বিরোধীদের আপত্তির বিষয়ে স্পিকার জানান, সংসদে সরাসরি মৌখিক বিতর্কের সুযোগ সীমিত। এজন্য নিয়ম অনুযায়ী নোটিশ দিতে হবে এবং সেই নোটিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “আপনারা চাইলে পরবর্তী অধিবেশনে সংশোধনী বিল আনতে পারেন, যা সরকার বিবেচনা করবে।”
সংসদের পরিবেশ স্বাভাবিক রাখার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, “আমরা সবাই একটি ফেয়ার নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। জুলাই অভ্যুত্থানের পর সংসদের যে সূচনা হয়েছে, তা ইতিবাচক। বিরোধী দলে ৭৭-৭৮ জন সদস্য থাকা বড় বিষয়। সহযোগিতার মনোভাব নিয়েই আমাদের এগোতে হবে।”
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও স্পিকারের এই মন্তব্য সংসদে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।