দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। শহরের রূপালী চত্বর থেকে উলাশী পর্যন্ত সর্বত্র চলছে সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই সফরের আনুষ্ঠানিক সূচি নিশ্চিত করেন।
সফরসূচি অনুযায়ী, যশোর বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি যাবেন উলাশী-যদুনাথপুর খাল এলাকায়। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শুরু হওয়া ঐতিহাসিক খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার অত্যাধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
উন্নয়ন কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন। বিকেলে যশোরবাসীর উদ্দেশে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দীর্ঘদিন ধরে যশোরের উন্নয়ন কার্যক্রম স্থবির ছিল। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে উন্নয়নের গতি নতুন করে ত্বরান্বিত হবে।”
এদিকে সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। জেলা প্রশাসক মো. আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও দেশে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকার বদ্ধপরিকর। কৃষকদের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সফর শেষে একই দিন প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।