কার্ডসর্বস্ব সাংবাদিকতার দৌরাত্ম্য, বাড়ছে বিভ্রান্তি ও অপসাংবাদিকতা

নিজস্ব প্রতিবেদক :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকতার পরিচয়পত্র (কার্ড) ব্যবহার করে নিজেদের প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্টদের অনেকে নিয়মিত সংবাদ প্রকাশ, মাঠপর্যায়ে রিপোর্টিং কিংবা পেশাগত অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এতে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি।

 

অনুসন্ধানে জানা গেছে, কিছু ব্যক্তি দীর্ঘ সময় কোনো সংবাদ প্রকাশ না করেও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করছেন। কেউ কেউ নিজেদের একাধিক অনলাইন পোর্টালের মালিক দাবি করলেও বাস্তবে তাদের সংবাদ সংগ্রহ বা পেশাদার সাংবাদিকতার অভিজ্ঞতা নেই বলেও তথ্য মিলেছে।

 

মূলধারার একাধিক সাংবাদিক জানান, বর্তমানে অনলাইনভিত্তিক কিছু প্রতিষ্ঠানের পরিচয়পত্র সহজলভ্য হয়ে পড়ায় অসাধু চক্র সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। শুধু একটি কার্ড বা অনলাইন পোর্টালের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন অনেকে। এতে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রশ্নের মুখে পড়ছে।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কিছু ব্যক্তি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রভাবশালী সাংবাদিক ও উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার দাবিও করেন। তবে যাচাই-বাছাইয়ে অধিকাংশ ক্ষেত্রেই এসব দাবির সত্যতা নিয়ে সন্দেহ দেখা দেয়।

 

গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ পেশা। শুধুমাত্র পরিচয়পত্র বহন করা বা কোনো অনলাইন পোর্টালের মালিক হওয়া সাংবাদিকতার যোগ্যতার প্রমাণ হতে পারে না। নিয়মিত সংবাদ প্রকাশ, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতাই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয় বহন করে।

 

সচেতন মহল মনে করছে, সাংবাদিক পরিচয় ব্যবহারের ক্ষেত্রে কঠোর যাচাই-বাছাই এবং কার্যকর নীতিমালা বাস্তবায়ন জরুরি। পাশাপাশি অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও দাবি জানানো হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত