সংশোধন ছাড়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হলে দেশের মোবাইল ফোন বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে "মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে আয়োজিত মোবাইলফোন ব্যাবসায়ীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সংগঠনটির সংশ্লিষ্টরা।
তাদের মতে, এই সিস্টেম বাস্তবায়ন হলে বাজারে মাত্র কয়েকটি বড় কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ গ্রাহক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর।
তারা অভিযোগ করে বলেন, প্রতিযোগিতা কমে গেলে মোবাইল ফোনের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো মানের স্মার্টফোন কেনার সক্ষমতা হারাবে। ডিজিটাল সেবা থেকে বড় একটি জনগোষ্ঠী কার্যত বঞ্চিত হয়ে পড়বে, যা দেশের ভবিষ্যৎ মানবসম্পদের জন্য মারাত্মক হুমকি।
এছাড়া দুই কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির জন্য নতুন NEIR রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠবে। ফলে বিদেশ থেকে আনা ফোন ব্যবহারে নিরুৎসাহ সৃষ্টি হবে এবং অনেক বৈধ ফোন অকেজো হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের মানুষের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফোনের দাম বেড়ে গেলে ইন্টারনেট ও ডিজিটাল সেবায় প্রবেশাধিকার সীমিত হয়ে পড়বে। এতে ডিজিটাল বৈষম্য আরও প্রকট হবে।
সংগঠনটি আরও সতর্ক করে বলেন, সিম বা এনআইডি ছাড়া ফোন বিক্রি বা হস্তান্তর প্রায় অসম্ভব হয়ে পড়বে, যা গ্রাহকের ব্যক্তিগত স্বাধীনতায় বড় ধরনের হস্তক্ষেপ। একই সঙ্গে বাজারে প্রতিযোগিতা না থাকলে কোম্পানিগুলো পুরোনো মডেলই বেশি দামে বিক্রি করতে পারবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফোন হারালে পুলিশি সহায়তা কিংবা ট্র্যাকিং প্রক্রিয়া জটিল হয়ে পড়তে পারে। এতে অপরাধ দমন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহককে নতুন ফোন কিনতে বাধ্য হতে হবে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত প্রায় ২৫ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং তাদের ওপর নির্ভরশীল প্রায় ২০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক স্থিতিশীলতার জন্যও বড় ঝুঁকি বলে মনে করছেন বিশ্লেষকরা।
এমতাবস্থায় সংশ্লিষ্ট মহল NEIR সিস্টেম বাস্তবায়নের আগে ব্যাপক সংশোধন, স্বচ্ছতা এবং জনস্বার্থ সুরক্ষার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবাইল ব্যাবসায়ী আনিসুর রাহমান সোহেল, ফয়সাল আজাদ, আক্তার হামিদে পবন, সেলিমুজ্জামান, নাসির উদ্দিন, শাহ আলম বেপারী, শাহাদাত হোসেন, শরীফ মোল্লা প্রমুখ।