চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, চাকসু নির্বাচন নিয়ে তার ওপর কোনো প্রকার চাপ নেই—না বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, না সরকারের তরফ থেকে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নির্বাচনী আচরণবিধি নিয়ে তৃতীয় দফার মতবিনিময় সভা। এতে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নানা প্রশ্ন তুলেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন।
আলোচনার একপর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন,
"আমি স্পষ্টভাবে বলতে চাই—আমার ওপর কোনো চাপ নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারের পক্ষ থেকেও নয়। আমি স্বাধীনভাবে কাজ করছি, কোনো রকম চাপ ছাড়াই। এটা আমি দুই হাত তুলে বলছি।"
ছাত্রদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল:
-
অমোচনীয় কালি ব্যবহারের নিশ্চয়তা
-
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক ভোটদান ব্যবস্থা
-
পর্যাপ্ত বাস সার্ভিস ও নির্দিষ্ট রুটে বিনামূল্যে পরিবহন সুবিধা
-
ছবিসহ ভোটার তালিকা ও ব্যালটে প্রার্থীর ছবি ও ডাকনাম অন্তর্ভুক্তি
-
সাইবার বুলিং প্রতিরোধে ব্যবস্থা
তাছাড়া, নির্বাচনী প্রচারে ফেস্টুন ব্যবহার নিষিদ্ধ, যথাযথ কারণ ছাড়া নির্বাচন বর্জন ঠেকাতে উদ্যোগ, খালেদা জিয়া হলে প্রার্থীদের প্রবেশ নিষেধাজ্ঞা, ভোটের দিন রাজনৈতিক ব্যক্তিদের প্রবেশে বাধা এবং ভোট গ্রহণের আগে-পরে চার দিন সব পরীক্ষা স্থগিত রাখার দাবিও জানানো হয়।