রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও অনুকূল পরিবেশ না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের জরুরি সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাকসু, আবাসিক হল ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন মনে করেছে যে, বর্তমান অবস্থায় নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন আয়োজনের স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) ভোটগ্রহণের তারিখ সর্বসম্মতভাবে নির্ধারণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বলেন, “আমরা সার্বিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, নতুন তারিখে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।”