নিকলীতে ধনু নদীতে অবৈধ বালু উত্তোলন, চারজনকে জরিমানা

সোহেল রানা, বিশেষ প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ধনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের ধনু নদীতে দীর্ঘদিন ধরে একটি ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তির নির্দেশনায় বুধবার রাতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি ড্রেজার ও একটি বলগেটসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন— আলম (৩৫), আনোয়ার (২৮), মনির (৩০) ও সজিব (১৮)।

পরবর্তীতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাদের দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে জরিমানার অর্থ পরিশোধ করায় তারা মুক্তি পান।

নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ বলেন, অবৈধ ড্রেজার দিয়ে যেখানেই বালু উত্তোলন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে। অপরাধী ও বালু খেকোদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত