সৈয়দপুরে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভেজাল কীটনাশক প্রস্তুত ও বাজারজাতের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং সৈয়দপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালু ও বিভিন্ন রঙের মিশ্রণ ব্যবহার করে ভেজাল কীটনাশক তৈরি ও প্যাকেটজাত করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে অপরাধের প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভেজাল কীটনাশক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম ও জব্দকৃত মালামাল প্রসিকিউশন কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়।

সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা এবং কৃষি উৎপাদন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ভেজাল কৃষি উপকরণ উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভেজাল কীটনাশক ব্যবহারের ফলে কৃষক আর্থিক ক্ষতির শিকার হন এবং ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত এবং প্রতারণা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত