গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে অধিকার নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ধর্মকে কেন্দ্র করে কোনো বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। শ্রীকৃষ্ণ মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন তিনি।
মজিবুর রহমান আরও বলেন, বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গাজীপুর-১ আসনের সব মন্দির ও শ্মশানে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ায় ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দেশের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন।
বাবু অখিলেস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু অরুণ প্রসাদ মজুমদার, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।