বরগুনার সদর উপজেলায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে মো. মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাওলাদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমির আইল (জমির সীমানা) ঠিক করার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ আংশিক দগ্ধ হয়েছে বলেও জানা গেছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।