বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিশন গ্রিন বাংলাদেশের আয়োজনে দেশের ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি, মানববন্ধন, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে বরগুনায় কর্মসূচি বাস্তবায়ন করে সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের বাহারি ফলের আপ্যায়নের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ আয়োজনে অংশ নেয় সিবিডিপি, বরগুনা সাইক্লিং কমিউনিটি, সবুজ বরগুনা, জল তরণী, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, বিডিক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপির সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, ‘ধরা’র বরগুনা সদর উপজেলা সমন্বয়ক মুশফিক আরিফ, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ খান, জল তরণীর প্রতিষ্ঠাতা পর্যটনযোদ্ধা আরিফ রহমান, সাংবাদিক শহিদুল ইসলাম স্বপ্ন এবং সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমানসহ অনেকে।
বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।