যশোরের শার্শা উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর হাসান জয় (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সালতা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত তানভীর হাসান জয় স্থানীয় সালতা গ্রামের নাহিদ শেখের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার সালতা গ্রামের সম্রাট হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সলিং রাস্তার ওপর সন্দেহভাজন অবস্থায় জয়কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।