জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানো অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত।
এ ঘটনায় ডিম নিক্ষেপে জড়িত একজনকে আটক করেছে মার্কিন পুলিশ। বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি জানান, জ্যাকসন হাইটস এলাকায় অভিযান চালিয়ে ওই আওয়ামী কর্মীকে আটক করা হয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা তার ফেসবুকে লিখেছেন, “এটি আখতার হোসেনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়। রাজনৈতিক পরিচয়ের কারণেই এ হামলা হয়েছে। তিনি এমন একটি দলের প্রতিনিধি, যারা ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।”
ঘটনার পর আখতার হোসেনও নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, “আমরা হাসিনার বুলেটে ভয় পাইনি, তাহলে ওদের ছোড়া ডিমে ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না।”