বদলে গেল পুলিশের পোশাক, প্রকাশ হলো নতুন গেজেট

 ছবি: এআই দিয়ে বানানো
ছবি: এআই দিয়ে বানানো

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে নতুন পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল (ডিপ ব্লু) রঙের এবং প্যান্ট হবে খাকি রঙের।

অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।

বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী জারি করেছেন। এ সংক্রান্ত গেজেটেও তার স্বাক্ষর রয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে নির্ধারিত আয়রন রঙের শার্টের পরিবর্তে ডিপ ব্লু শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি রঙের ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু নির্ধারণ করা হয়েছে।

তবে মেট্রোপলিটন পুলিশের সদস্যদের ক্ষেত্রে শার্ট ও জ্যাকেটের রং হবে লাইট অলিভ।

এছাড়া নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে ডিপ ব্লু ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের জন্য ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ট্রাফিক ইউনিটে কর্মরত অথবা মাথা ঢাকতে ইচ্ছুক নারী পুলিশ সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন।

নতুন এই ইউনিফর্ম নীতিমালার মাধ্যমে পুলিশের পোশাকে আরও আধুনিকতা ও সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত