ওমানে গাড়ির ভেতরে মৃত্যু, দেশে ফিরল চার ভাইয়ের লাশ

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চার বাংলাদেশি সহোদরের মরদেহ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহনকারী বিমান অবতরণ করে।

বিমানবন্দরে উপস্থিত থেকে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে মরদেহ পরিবহন ও দাফনকাজের তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রতিটি পরিবারের হাতে ৩৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

স্বজনরা জানান, বিমানবন্দর থেকে রাতেই চার ভাইয়ের মরদেহ তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বুধবার (২০ মে) সকালে স্থানীয় একটি মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হবে।

চার প্রবাসী সহোদরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে বইছে কান্নার মাতম। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।

প্রাথমিক তথ্যে জানা গেছে, গাড়ি চালু থাকা অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) এগজস্ট থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস দীর্ঘ সময় শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় তাঁদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় অজান্তেই এই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন তারা।

এ ঘটনায় ওমানের পুলিশ—রয়্যাল ওমান পুলিশ—মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে। একই সঙ্গে দেশটির প্রশাসনের পক্ষ থেকে আবদ্ধ বা বন্ধ গাড়ির ভেতরে দীর্ঘ সময় অবস্থান বা ঘুমিয়ে না থাকার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত