এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস

নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই বৈঠক হয়। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই বৈঠক হয়। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া সুশৃঙ্খল ও টেকসই করতে ডব্লিউটিও’র সহযোগিতা কামনা করেন তিনি।

বৈঠকে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ এলডিসি উত্তরণের পথে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষ করে বাণিজ্য সুবিধা ও বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হ্রাসের বিষয়টি বড় চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় ডব্লিউটিও’র সক্রিয় ভূমিকা প্রয়োজন।” তিনি এ বিষয়ে আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কার্যকর সিদ্ধান্তের আহ্বান জানান।

প্রতিবাদে ডব্লিউটিও মহাপরিচালক আশ্বাস দিয়ে বলেন, “ডব্লিউটিওকে সংস্কার করতে হবে। আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই, আপনাদের নেতৃত্ব চাই।”

বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার, বৈশ্বিক বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ এবং বিশ্বায়ন থেকে সরে যাওয়ার প্রবণতা নিয়েও আলোচনা হয়। এ সময় ড. ইউনূস ডব্লিউটিও সংস্কারের পক্ষে সায় দিয়ে বলেন, “চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে। সময়ের সঙ্গে খাপ খাইয়ে ডব্লিউটিওকে কার্যকর নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে জোরালো কণ্ঠস্বর হতে প্রস্তুত।”

উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

 

এলাকার খবর

সম্পর্কিত