খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, খাগড়াছড়ির বর্তমান পরিস্থিতি সন্তোষজনক এবং স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর রমনায় ডিএমপির পাঁচটি থানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “খাগড়াছিতে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা স্থানীয় নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, যাতে পরিস্থিতি আরও স্থিতিশীল হয়।
সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের একটি দল খাগড়াছড়িতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে এবং তারা বিদেশি অর্থ ও অস্ত্র সহায়তা পাচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি।
উপদেষ্টা অভিযোগ করেন, “এই ফ্যাসিস্ট গোষ্ঠী দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা ছড়াতে চায়। তারা চায় না পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হোক।”
পাহাড়ে আটকে পড়া পর্যটকদের বিষয়ে তিনি বলেন, “অধিকাংশ পর্যটককে নিরাপদভাবে ফিরিয়ে আনা হয়েছে। আমরা তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।”
ঢাকা মহানগর পুলিশের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা জানান, “ডিএমপির ৫০টি থানার মধ্যে অর্ধেক এখনো ভাড়ায় চলছে। সব থানার নিজস্ব ভবনে স্থানান্তরের জন্য কাজ চলছে।”
উল্লেখ্য, খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন।