সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নয়জন সিনিয়র সহকারী সচিব ও উপ-পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে’র মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২০ মে দুপুরের পর থেকে তারা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য হবেন।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সিনিয়র সহকারী সচিব জয়নাল আবেদীনকে জামালপুর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইকবাল হাসানকে খাগড়াছড়ি এবং সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রামের উপ-পরিচালক ইরিন আক্তারকে রাঙামাটিতে এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রাসেলকে কক্সবাজার, বাংলাদেশ ফুড সেফটি অথরিটির উপ-পরিচালক আয়েশা সিদ্দিকাকে নওগাঁ, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর উপ-পরিচালক মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে বদলি করা হয়েছে।
অন্যদিকে বিএমইটির উপ-পরিচালক রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জ, আইএমইডির উপ-পরিচালক মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের উপ-পরিচালক মফিজুর রহমানকে শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।