প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যরা।
প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় অধিবেশন শুরু হয়। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থাটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংকট, সংঘাত, মানবাধিকার এবং খাদ্য নিরাপত্তা ইস্যুগুলো গুরুত্ব পায়।
জাতিসংঘের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে ট্রাম্পের ভাষণ শুরুর কথা রয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের অধিবেশনে ট্রাম্পের বক্তব্যে “বিশ্বের লক্ষ্য” এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হবে।