দেশের পাঁচটি জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, ৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টির প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে, তিস্তা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি হঠাৎ বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানায় পূর্বাভাস কেন্দ্র।
তিস্তা নদীর পানি রংপুর বিভাগে ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে, ফলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণার নিম্নাঞ্চল প্লাবনের ঝুঁকিতে রয়েছে।
এদিকে করতোয়া, যমুনেশ্বরী, পুনর্ভবা ও টাঙ্গন নদীর পানি রংপুর ও রাজশাহী অঞ্চলে বাড়লেও আপাতত তা বিপদসীমা অতিক্রম করেনি। তবে আত্রাই, মহানন্দা ও ঘাঘট নদীর পানি কিছুটা কমলেও আগামী দিনে প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া উপকূলীয় অঞ্চল বরিশাল, খুলনা ও চট্টগ্রাম জেলায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় রয়েছে। এই প্রাকৃতিক অবস্থান আরও একদিন স্থায়ী হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সতর্ক করা হবে।