বাংলাদেশের জাদুশিল্প এখন পা রাখছে আরও বড় পরিসরে। দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাদুশিল্পী প্রিন্স হারুন অংশ নিচ্ছেন থাইল্যান্ডে আয়োজিত মর্যাদাপূর্ণ “JAS Wonder Magic Competition 2025”-এর আন্তর্জাতিক এশিয়ান গালা শো-তে।
The International Academy of Magic ও Bangkok Magic Theatre–এর আমন্ত্রণে প্রিন্স হারুন আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখে মঞ্চে তুলবেন তাঁর বিখ্যাত পরিবেশনা “The Table of The Prince”—যা ইতোমধ্যেই বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে।
তিন দিনব্যাপী (১৪–১৬ নভেম্বর) এই জাদু উৎসবটি অনুষ্ঠিত হবে ব্যাংককের মনোরম ভেন্যু “JAS Green Village Kubon”-এ। বিশ্বের বিভিন্ন প্রান্তের শীর্ষ ম্যাজিশিয়ানরা অংশ নেবেন এ মহাসম্মেলনে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রিন্স হারুন—দেশের জাদুশিল্পের এক উজ্জ্বল মুখ।
নিজের অনুভূতি জানাতে গিয়ে প্রিন্স হারুন বলেন,
“বিশ্বসেরা জাদুশিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা আমার জন্য গর্বের বিষয়। আমি চাই, বাংলাদেশের ম্যাজিক বিশ্বে নতুনভাবে পরিচিত হোক—গর্বের সঙ্গে, ভালোবাসার সঙ্গে।”
বাংলাদেশের জাদুশিল্পের এই আন্তর্জাতিক সাফল্য নিঃসন্দেহে দেশের শিল্প-সংস্কৃতির জন্য এক গর্বের অধ্যায়। থাইল্যান্ডের মঞ্চে ‘বাংলাদেশের প্রিন্স’ আবারও প্রস্তুত—জাদুর ছোঁয়ায় বিশ্বকে মুগ্ধ করতে।