কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও বিনোদন জগতের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন।
শনিবার রাতে তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পোস্টে তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার প্রিয় মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছে।”
তিনি আরও লেখেন, এই দুঃসময়ে যারা পাশে ছিলেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাইকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তিনি।
অন্যদিকে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, কারিনা তাকে ফোন করে ‘বিদায় ফার্স্ট ডে’ দেখার কথা বলেছিলেন এবং একসঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ছিল—এ কথা মনে করে তিনি গভীর শোক প্রকাশ করেন।
কারিনার মৃত্যুতে সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। শোবিজ অঙ্গনে তার অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের আবহ।