সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অবশেষে মুখ খুললেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। স্পষ্ট জানিয়ে দিলেন—বিয়ে নয়, পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে।
বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই বিয়ে সম্পন্ন হবে, ইনশাআল্লাহ। আমরা সবার কাছে দোয়াপ্রার্থী।”
এর আগের দিন এক আবেগঘন পোস্টে লুবাবা লিখেছিলেন, “দুটি আত্মা, এক কিবলা”—এমন বক্তব্যের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখান থেকেই মূলত বিয়ের গুঞ্জনের সূত্রপাত হয়।
তবে প্রকাশিত ছবিতে বর-কনের মুখ স্পষ্ট ছিল না, এমনকি পাত্রের পরিচয়ও গোপন রাখা হয়। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
লুবাবার বয়স নিয়ে প্রশ্ন তুলে অনেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা করেন। ১৮ বছরের আগে বিয়ে সংক্রান্ত আইন না মানার অভিযোগও ওঠে। তবে নতুন পোস্টে তিনি পরিষ্কার করেছেন—আইন মেনেই ভবিষ্যতে বিয়ে হবে।
ছোটবেলা থেকেই মিডিয়ায় পরিচিত মুখ সিমরিন লুবাবা। তিনি প্রয়াত অভিনেতা আবদুল কাদের-এর নাতনি হিসেবেও পরিচিত।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করে নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তবে গত বছরের শেষ দিকে হঠাৎই বিনোদন অঙ্গন ছাড়ার ঘোষণা দেন লুবাবা। জানান, ধর্মীয় অনুশীলনে বেশি মনোযোগ দিতেই তার এই সিদ্ধান্ত।
সব মিলিয়ে, বিয়ের গুঞ্জন ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটালেও বাগদানের খবর নতুন করে আলোচনায় এনেছে এই তরুণ অভিনয়শিল্পীকে।