বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দেশের তরুণ জাদুশিল্পীদের বৃহত্তম উৎসব ‘1st Youth Magic Festival 2025’। উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন বা লঞ্চিং অনুষ্ঠান। শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লঞ্চিং অনুষ্ঠান ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ। আয়োজক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন প্রিন্স হারুন, আর সদস্য সচিব ছিলেন সাদাত মামুন।
লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রজন্মের খ্যাতিমান জাদুশিল্পী ও সংগঠকবৃন্দ—বাংলাদেশ যাদুকর পরিষদের সভাপতি ছফির উল্লাহ শিকদার, কনসোল ম্যাজিক একাডেমির সভাপতি ওয়াসেল, বিখ্যাত ম্যাজিশিয়ান রাজিব বসাক, জাদু উন্নয়ন পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম রিপন, এবং জাদুশিল্পী রবিন মণ্ডল, স্বপন দীনার, তপু মনোয়ার, রাজিব শাহানী, আওয়াল ইসলাম অনিক, বিদেশ অধিকারী, সুমন ব্যানার্জি, সজীব হোসাইন ও মোহাম্মদ আলী সামসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান ম্যাজিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালিউল্লাহ খোকন।
আহ্বায়ক প্রিন্স হারুন বলেন, “তরুণ প্রজন্মের প্রতিভাবান জাদুশিল্পীদের একত্রিত করে তাদের মঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আমরা ইনশাআল্লাহ একটি সফল ম্যাজিক ফেস্টিভাল উপহার দিতে পারব।”
আগামী ৩০ নভেম্বর ২০২৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই দিনব্যাপী উৎসব। উৎসবে থাকছে ম্যাজিক ওয়ার্কশপ, প্রতিযোগিতা, ম্যাজিক অকশন, ডিলার বুথ, এবং বাংলাদেশের নির্বাচিত জাদুশিল্পীদের নিয়ে গালা শো।
অনুষ্ঠানের শেষে অতিথিরা ভবিষ্যৎ আয়োজন নিয়ে মতবিনিময় করেন এবং আসন্ন ফেস্টিভালকে কেন্দ্র করে নানা পরিকল্পনার দিক নির্দেশনা দেন। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে তরুণ জাদুশিল্পীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো প্রেক্ষাগৃহ।