ইউপিডিএফের হুমকিতে আতঙ্কে সাজেকবাসী, নিরাপত্তা জোরদারের দাবি

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর হুমকি, চাঁদাবাজি এবং দিঘীনালা ও বাঘাইহাট বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে বাধা দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাজেক এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন মালিক ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। দাবি অনুযায়ী টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শন ও হামলার আশঙ্কা দেখানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর চাপে রয়েছেন তারা। তবে সাম্প্রতিক হুমকি ও চাঁদাবাজির ঘটনায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। নিরাপত্তাহীনতায় অনেকে এলাকা ছাড়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন তারা।

সাজেকের পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে পর্যটকের সংখ্যা কমে যেতে পারে। এতে স্থানীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাজেকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও প্রশাসন কাজ করছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে বলেও জানিয়েছেন তারা।

স্থানীয় সচেতন মহল বলছে, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযত থাকতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিষয়:

বাঘাইছড়ি
এলাকার খবর

সম্পর্কিত