কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে শ্রীনগর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা ইউনুস কাসেমী দা.বা.। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আহমদুল্লাহ খান, মাওলানা হুসাইন আহম্মদ ইছহাকী এবং মাওলানা আবু আম্মার আব্দুল্লাহসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপি সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম ও সুধীজনদের অংশগ্রহণে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, “এই দেশে কোনো জালিম বা ভণ্ড নবুওয়াত দাবিদারের অনুসারীর জায়গা নেই।” তারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানান।
সম্মেলনে আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে শ্রীনগর উপজেলা থেকে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়। বক্তারা এ লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচারণা জোরদারের আহ্বান জানান।