যশোরের মাটি ও মানুষের প্রিয় মুখ, সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা মুন্নি ঢাকা থেকে নিজ জনপদ যশোরে ফিরেছেন। তবে এই ফেরা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং ছিল এক আবেগঘন মিলনমেলা ও শিকড়ের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
বুধবার সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। শত শত মোটরসাইকেলের বহর, ফুলের পাপড়ি ও গগনবিদারী স্লোগানে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। ঝিকরগাছা ও চৌগাছা থেকে আসা নেতাকর্মীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে রাজপথ।
বিমানবন্দর থেকে বের হয়েই এমপি মুন্নি প্রথমে যশোর কারবালা কবরস্থানে যান। সেখানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
পরে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবন এলাকায় গিয়ে তাঁর জীবনসঙ্গী, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে দোয়া করেন। পরে শহীদ ওলিয়ার রহমান, মরহুম জালাল উদ্দিন আহমেদ এবং মরহুম আব্দুস সামাদ বড় সাহেবের কবর জিয়ারত করে শ্রদ্ধা জানান তিনি।
কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশে এমপি সাবিরা সুলতানা মুন্নি বলেন, তাঁর প্রাপ্ত পদমর্যাদা কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং ঝিকরগাছা ও চৌগাছার মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়াসহ তৃণমূলের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, এই সফর ছিল কৃতজ্ঞতা প্রকাশ ও আগামীর উন্নয়ন যাত্রার এক নতুন সেতুবন্ধন।