তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১০ মে) সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল সাহাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঋত্বিক সাহা ওই গ্রামের তপন সাহার ছেলে এবং স্থানীয় পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সকালে বাড়িতে পরিবারের সঙ্গে লিচু খাওয়ার সময় হঠাৎ একটি লিচুর বিচি তার শ্বাসনালীতে আটকে যায়।

এতে মুহূর্তের মধ্যে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে আনা হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল বলে নিশ্চিত করা হয়।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব বলেন, “শ্বাসনালীতে কিছু আটকে গেলে দ্রুত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে। শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও নেমে এসেছে বিষাদের ছায়া।

রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একটি ফুটফুটে শিশুর এভাবে অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না।”

তিনি আরও বলেন, “লিচুর মৌসুমে শিশুদের ফল খাওয়ানোর সময় অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে, যেন এমন দুর্ঘটনা আর না ঘটে।”

শিশু ঋত্বিকের মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এলাকার খবর

সম্পর্কিত