গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার আমবাগে একটি ঝুট গুদামে লাগা আগুন তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বরং আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িঘর, দোকানপাট ও একটি বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয় বাসিন্দারা। প্রথমে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। পরে কোনাবাড়ী, সারাবো ও কাশিমপুর ফায়ার স্টেশন থেকে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আমাদের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা চলছে।”
স্থানীয়দের অভিযোগ, গুদামটি অগ্নিনির্বাপণ ব্যবস্থাহীন এবং অপরিকল্পিতভাবে ঝুট মজুদ করা হচ্ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিকটবর্তী বাড়িগুলোতেও আগুনের ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে।