দীঘিনালায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬”। বৃহস্পতিবার যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দল ও খাগড়াছড়ি ব্রাঞ্চের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান, শুভেচ্ছা বিনিময় এবং নবগঠিত কমিটিকে বরণ করার আয়োজন করা হয়।

দিনের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদান এবং যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন। তিনি বলেন, “দুর্যোগ মোকাবিলা, মানবিক সংকট ও সামাজিক সচেতনতা তৈরিতে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসেবার এই কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে।”

বিশেষ অতিথি দেশ টিভির প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সাবেক দলনেতা সুমন চন্দ্রনাথ প্রবীর বলেন, “মানবতার সেবায় যুব সদস্যদের আরও দক্ষ, সচেতন ও সক্রিয়ভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।”

সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত বলেন, “রেড ক্রিসেন্ট শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার।” তিনি সকল যুব সদস্যকে ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাবেক যুব প্রধান জাকির হোসেনকে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত)। এতে সংগঠনের সিনিয়র ও সক্রিয় যুব সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বিশ্ব মানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এলাকার খবর

সম্পর্কিত